হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় গোসলখানায় ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় তফাজ্জল হোসেন (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে ওই কিশোরীর ভাবি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বাক্প্রতিবন্ধী কিশোরী বাড়ির গোসলখানায় গোসল করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তফাজ্জল হোসেন গোসলখানায় ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গেলে তফাজ্জল দৌড়ে পালিয়ে যান। পরে জানাজানি হলে স্থানীয় কয়েকজন মুরব্বি বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন বলে অভিযোগ রয়েছে।  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম আজ সন্ধ্যায় বলেন, ঘটনা জানতে পেরে ভুক্তভোগীকে থানায় নিয়ে আসি। এরপর ভুক্তভোগীর ভাবি বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলার পরবর্তী কার্যক্রম ও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।