হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে লোকালয়ে আটকা লজ্জাবতী বানর উদ্ধার, বনে অবমুক্ত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরে লোকালয়ে আটকা পড়া বিরল প্রজাতির লজ্জাবতী বানর। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে আটকা পড়া বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ থেকে বানরটি উদ্ধার করা হয়। পরে উপজেলার একটি গহিন বনে সেটিকে অবমুক্ত করেন স্বেচ্ছাসেবীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাদ্রাসাতুল ইনসাফের চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। পরে প্রাণীটিকে আটক করে একটি খাঁচায় রাখা হয় এবং স্বেচ্ছাসেবীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে লজ্জাবতী বানর হিসেবে শনাক্ত করেন। পরে বানরটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, ‘খাদ্যের সন্ধানে মাঝে মাঝে লজ্জাবতী বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রাণীটিকে সুস্থ অবস্থায় পাই। যেহেতু এই প্রাণীটি রাতে চলাচল করে, তাই আমরাও রাতেই এটিকে বনে অবমুক্ত করেছি।’

তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এর আগেও বেশ কয়েকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।