নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম। অভিযানে বিভিন্ন চাল ও ধানের গুদামের সামনে মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত নির্ধারিত সময় মেনে চলতে সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম বলেন, সড়কের ওপর ইট, বালু, পাথরসহ বিভিন্ন মালামাল রাখলে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।