নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক কিশোরকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার জালশুকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে। তিনি স্থানীয় রওজাতুল আকফাল নূরানি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। পাশাপাশি বাড়ির পাশে ‘মা ফার্মেসি’ নামে একটি ফার্মেসি পরিচালনা করেন তিনি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুলালের ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করত ভুক্তভোগী কিশোর। রোববার রাতে কাজ শেষে দুলালের বাড়িতে যায় কিশোরটি। দুলালের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ওই সময় বাড়িতে তাঁরা দুজনই ছিলেন। রাতের খাবার শেষে কিশোরটি একটি কক্ষে ঘুমাতে যায়। পরে দুলাল তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন দুলালের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে গ্রেপ্তার করে।
এদিকে, কিশোরটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এ ঘটনায় আজ সোমবার সকালে কিশোরটির বাবা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটির বাবার করা মামলায় দুলালকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।