হোম > সারা দেশ > নেত্রকোণা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় পলাতক যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

গ্রেপ্তার রবিউল আওয়াল ওরফে রবিন। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে এসআরবি-১-এর সহযোগিতায় পূর্বধলা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় ৮ মাস আগে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর চার বছরের ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন তিনি। সেখানে আসার পর রবিন তাঁকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

এজাহার অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশের একটি এলাকায় গেলে রবিন ওই নারীকে ইশারায় ডেকে একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এ সময় স্থানীয় এক নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে রবিন সেখান থেকে চলে যান। পরে ওই নারী ভুক্তভোগীকে বাড়িতে পৌঁছে দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রবিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর রবিন এলাকা ছেড়ে চলে যান।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে এসআরবি-১-এর সহযোগিতায় ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।