হোম > সারা দেশ > নেত্রকোণা

ডেপুটি স্পিকারের উদ্যোগে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা ও সুরক্ষা বেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা ও সুরক্ষা বেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের বাবনি এলাকার ৩৫টি গাছের চারা উপড়ে ফেলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে ৫ আগস্ট ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-নেত্রকোনা আঞ্চলিক সড়কের পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণ কাজে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এর মধ্যে বাবনি এলাকায় রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা রাতের আঁধারে দুর্বৃত্তরা উপড়ে ফেলেছে। আজ বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, গাছের চারাগুলো বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পেত। রাতের আঁধারে চারা উপড়ে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

কলমাকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির বলেন, ‘ডেপুটি স্পিকারের নির্দেশনায় ৫ আগস্ট আমরা এ সড়কের পাশে বৃক্ষরোপণ করেছিলাম। রাতের আঁধারে গাছের চারা ও বেড়া উপড়ে ফেলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। একটি মহল তারেক রহমানের জনকল্যাণমূলক উদ্যোগ সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’