হোম > সারা দেশ > নেত্রকোনা

এক রাতের অগ্নিকাণ্ডে ৯ ঘর ছাই, পুড়ল গবাদিপশু ও ধান

নেত্রকোনা প্রতিনিধি

আগুনে পুড়ছে মোহনগঞ্জে হাছলা গ্রামের কৃষক মোস্তাকিমের ঘর। ছবি: সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলাসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস মারা গেছে। এ ছাড়া গোলা ও ধানের বাংলায় সংরক্ষিত ধান, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। দুই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

গতকাল সোমবার রাত ১০টা থেকে ১২টার মধ্যে দুই উপজেলার পৃথক গ্রামে এসব অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের হাছলা গ্রামের কৃষক মোস্তাকিম মিয়া ও তাঁর ভাই মোজাম্মেল হকের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশী শহীদ মিয়ার একটি বসতঘরও আংশিক পুড়ে যায়।

প্রথমে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মোস্তাকিম ও মোজাম্মেল হকের দুটি টিনশেড বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এ ছাড়া শহীদ মিয়ার ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কৃষক মোস্তাকিম মিয়া বলেন, ‘আমাদের দুই ভাইয়ের আর কিছুই অবশিষ্ট নেই। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সন্তানদের নিয়ে কোনোরকমে বের হয়ে প্রাণে বেঁচেছি। ঘরে সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্র, জমির কাগজপত্র ও নগদ টাকা ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। সারা জীবনের কষ্টের অর্জন শেষ হয়ে গেছে। এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব, কীভাবে সংসার চালাব, কিছুই বুঝতে পারছি না।’

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, খবর পেয়ে সকালে পিআইও কার্যালয়ের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ নিয়মে আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তাঁদের সহায়তা করা হবে।

অন্যদিকে, একই রাতে রাত ১২টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে আবু তাহের, আব্দুস ছালাম ও সাইকুল ইসলামসহ কয়েকজন কৃষকের তিনটি গোয়ালঘর ও তিনটি ধানের বাংলাসহ ছয়টি ঘর পুড়ে যায়। আগুনে এসব ঘরে থাকা গরু, ছাগল, হাঁস এবং গোলায় সংরক্ষিত ধান পুড়ে যায়।

খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এ ঘটনায় তাঁদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুকদার বলেন, আগুনে কৃষকদের গোয়ালঘর ও ধানের বাংলাসহ অন্তত ছয়টি ঘর পুড়ে গেছে। এসব ঘরে থাকা গরু, ছাগল, হাঁস ও ধানও পুড়ে গেছে। এতে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।