নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় নুরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
আজ সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি হাফিজুর ইসলাম হারুন বলেন, নুরুল আমিন সম্প্রতি দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার দুপুরে তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।