হোম > সারা দেশ > নেত্রকোনা

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ছবি: সংগৃহীত

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাব পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক পদে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন তিনি।

বাসায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন ফাহিম রহমান খান পাঠান। এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইর ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।