নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ এবং একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নলুয়াপাড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ১১৬১/৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক স্থানে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ইজিবাইক রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে বিজিবি মালিকবিহীন ২৬ বোতল ভারতীয় মদ এবং মদ বহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে। জব্দ করা মদ ও ইজিবাইকটির বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।