নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নারান্দিয়া এলাকায় নেত্রকোনা- ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নেত্রকোনা থেকে একটি সারবোঝাই ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অপর দিকে ময়মনসিংহ থেকে একটি পিকআপ নেত্রকোনার দিকে আসছিল। নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় পৌঁছালে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’