নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
আজ সোমবার সন্ধ্যায় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার কেট্টা বাজারের আকন্দ ফ্যাশন সোয়েটার কারখানা থেকে ৭১ বস্তায় ৫ হাজার ২২৮ পিস সোয়েটার নিয়ে একটি কাভার্ড ভ্যান গাজীপুরের ভবানীপুর বাজারের মোহাম্মাদী সোয়েটার লিমিটেডে যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় পল্লবের নেতৃত্বে কয়েকজন গাড়িটির পথ রোধ করে চাবি নিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, তাঁরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গাড়িতে অবৈধ মালামাল ও মাদক রয়েছে বলে চালক মো. শরিফ ও সহকারী মো. শাহাজাহান আলীকে ভয় দেখান। একপর্যায়ে চালককে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। পরে চালক গাড়িতে সোয়েটার থাকার কথা জানালে তাঁদের হত্যার হুমকি দিয়ে গাড়িটি শ্যামগঞ্জ বাজারের অ্যাম্বিশন মডেল কলেজের সামনে নিয়ে যাওয়া হয়।
পরে কারখানার মালিকের স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী সেখানে গিয়ে গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে চাঁদার টাকা না পেয়ে পল্লব ও তাঁর সহযোগীরা গাড়ি থেকে ১১ বস্তায় থাকা ৭৭৩ পিস সোয়েটার নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৬৮ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, একপর্যায়ে পল্লব নিজেকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও তাঁর ভাইকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে পুলিশ তাঁদের কিছু করতে পারবে না বলে হুমকি দেন। পরে পুলিশ ও দলীয় নেতাদের বিষয়টি জানানো হলে জেলা নেতাদের মধ্যস্থতায় তাঁর নেওয়া ৭৭৩ পিসের মধ্যে ৭৬৬ পিস সোয়েটার ফেরত দেওয়া হয়। রাত ৪টার দিকে চালক ও তাঁর সহকারীকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আকন্দ ফ্যাশন সোয়েটারের পরিচালক মো. হারুন রশিদ লিটন গতকাল রোববার রাতে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় সালমান রহমান পল্লব, মোরাদ মিয়া ও অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ঘটনার পর গতকাল রাতেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সালমান রহমান পল্লবকে বহিষ্কার করে নেত্রকোনা জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।