হোম > সারা দেশ > নেত্রকোণা

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনা প্রতিনিধি

চীনা যুবক ওয়্যাং সুলিন ও তরুণী লিজার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

মাস দু-এক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চীনা যুবক ওয়্যাং সুলিনের (৩০) সঙ্গে পরিচয় হয় নেত্রকোনার তরুণী নাজমিন আক্তার লিজার। এর পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। দুজনই বিষয়টি তাঁদের পরিবারকে জানান। পরিবারের সম্মতিতেই ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকা বিমানবন্দরে লিজার পরিবারের সদস্যরা তাঁকে অভ্যর্থনাও জানায়।

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে লিজা আক্তার। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁদের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে। দীর্ঘদিন ধরে তাঁরা দৌলতপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন। তিনি পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। ওয়্যাং সুলিন তাঁর ভাইয়ের সঙ্গে চীনে রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা করেন।

লিজার পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে আসার পর ২১ জুলাই ওয়্যাং সুলিন ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম রাখা হয় মো. নুর উদ্দিন। পরে ওই দিনই আইনজীবীর মাধ্যমে লিজাকে বিয়ে করেন তিনি। আগামী শুক্রবার মোহনগঞ্জে তাঁদের বিয়ের জাকজমক অনুষ্ঠান।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘পত্রপত্রিকায় আন্তর্জাতিক প্রতারক চক্রের খবর দেখে প্রথমে কিছুটা চিন্তিত ছিলাম। তবে যেহেতু মেয়ের বাবা চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়ে বিয়ে দিয়েছেন, তাই আর কোনো সন্দেহ নেই। আমরা নবদম্পতির সুখী জীবনের জন্য দোয়া করি।’

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, ‘ছেলের বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলার পর আমরা চীনা দূতাবাসে গিয়েও যাবতীয় খোঁজখবর নিয়েছি। সব তথ্য ঠিক থাকার পর আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে বিয়ের সিদ্ধান্ত নিই।’

নাজিম উদ্দিন আরও বলেন, ‘বিয়ের বিষয়টি আমাদের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর সাহেবকেও জানিয়েছি। তিনি খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর ছেলে-মেয়েকে তাঁর কাছে নিয়ে দেখা করিয়েছি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জামাই চীনে গিয়ে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে লিজাকে নিয়ে যাবে।’

এ দিকে বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে একনজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলে উৎসুক জনতা প্রতিনিয়ত ভিড় করছেন।