হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাফি ওই গ্রামের রব্বানী মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মাফি। এ সময় সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা ভুট্টো মিয়া বলেন, ‘সকালে বাড়ির পাশেই খেলা করছিল মাফি। কখন যে পুকুরে পড়ে গেল, তা আমরা বুঝতেই পারিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’