নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দোতলায় ইউএনওর দাপ্তরিক কক্ষে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, খালিয়াজুরীতে ফায়ার স্টেশন না থাকায় খবর পেয়ে পার্শ্ববর্তী মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। দলটি পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, কার্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা দোতলায় তাঁর কক্ষে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বাসা থেকে এসে তিনি কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন।
ইউএনও বলেন, দোতলার কার্যালয়ে ওঠার জন্য নিচতলার প্রবেশপথে বাইরে থেকে তালা লাগানো ছিল। ভবনে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছিলেন। তাই প্রাথমিকভাবে নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে না। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভবনের সব ফটক বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।