হোম > সারা দেশ > নেত্রকোনা

নেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় দরজার কাছে ছেঁড়া কাপড় ও বস্তায় পেট্রল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে ব্যাংকের ভেতরে থাকা নৈশপ্রহরী চিৎকার শুরু করেন।

শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম জানান, নৈশপ্রহরীর চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন বারান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসার পর পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে ডেকে আগুন নেভান।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় একই কায়দায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।