হোম > সারা দেশ > নেত্রকোণা

খসে পড়ল বিদ্যালয়ের পলেস্তারা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

নেত্রকোনা প্রতিনিধি

গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের পলেস্তারা খসে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রাতে বা সকালের কোনো এক সময় অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। সকালে কক্ষের দরজা খুলে তিনি বিষয়টি দেখতে পান। পরে দেখা যায়, পলেস্তারার অংশ পড়ে একটি টেবিল ভেঙে গেছে।

প্রধান শিক্ষক বলেন, এর আগেও বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছিল। বিদ্যালয়ে বর্তমানে ২৯১ জন কোমলমতি শিক্ষার্থী রয়েছে। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তিনি।

অভিভাবক হাবিব উল্লাহ, আমিনুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিনের পুরোনো। ফলে বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে। এই অবস্থায় প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ কাজ করছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কোনো ধরনের দুর্ঘটনার আগেই ঝুঁকি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাই শিক্ষার্থীদের নিরাপদ পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে দ্রুত বিদ্যালয়ের পুরোনো ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে যান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শীতেশ চন্দ্র পাল। তাঁরা বিদ্যালয়ের ছাদ ও বিভিন্ন কক্ষের অবস্থা পরিদর্শন করেন।

মো. মোশাররফ হোসেন খান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয়ের ভবনের বর্তমান অবস্থা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।