হোম > সারা দেশ > নেত্রকোনা

বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তাঁর তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে গর্ভের সন্তানসহ পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষিকার।

আজ সোমবার উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

নিবেদিতা দেবের অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন। অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিবেদিতা বলেন, ‘তাঁরা অন্য একটি জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কী বিষয়ে বৈঠক, তা না জানায় আমি তাঁদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলি। এরপরই তাঁরা এসে আমার ওপর হামলা চালান।’

শিক্ষিকা বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০-৮০ জন নেতা-কর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’

এ ঘটনায় স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন, নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন আমার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর আমরা লিখিত অভিযোগ দিতে ইউএনওর কার্যালয়ে এসেছি।’

অভিযোগের বিষয়ে জানতে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ‘ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর শুনেছি। এ বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, ‘শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’