হোম > সারা দেশ > নেত্রকোনা

নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। আসামিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নূরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তাঁরা পরস্পরের প্রতিবেশী।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে শুভ বিয়ের আশ্বাসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে শুভ ওই ছাত্রীকে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, শুভর পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নূরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনতে যাওয়ার কথা বলে সেখান থেকে সরে গেলে নূরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এরপর শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং নিজের মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণের নির্দেশ দেন নূরে আলমকে। পরে শাহ আলমও তাকে ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ১টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার কথা কাউকে না জানাতে এবং বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।

ভীতসন্ত্রস্ত কিশোরী প্রথমে পাশের গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে অন্য গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায় সে।

শনিবার সকাল সাতটার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরিবারের সদস্যরা পরে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরী।

ভুক্তভোগীর বাবা আজ রোববার ওই তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।