হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো মিশুকচালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুকন উদ্দিন সদর উপজেলার লকশিগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে বের হন রুকন উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। আজ বিকেলে বুদিয়ার জঙ্গলে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা সেখানে যান এবং রুকন উদ্দিনের মরদেহ শনাক্ত করেন।

পুলিশ আরও জানায়, রুকন উদ্দিনের মুখ ও পা সাদা মোটা স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। তাঁর দুই হাত পিঠের পেছনে গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাঁকে হত্যার পর মরদেহটি জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ওসি বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।