হোম > সারা দেশ > নেত্রকোনা

আওয়ামী লীগ নেতা ভেবে ইসলামী বক্তার গাড়িতে হামলা বিএনপির

নেত্রকোনা প্রতিনিধি

ওয়াসেক বিল্লাহ নোমানী ও তাঁর ভাঙচুর করা গাড়ি। ছবি: সংগৃহীত

নেত্রকোনায় মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ভেবে বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন এবং পরে ধাওয়া দিয়ে হামলা চালান। এ সময় ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে সাহায্য চান নোমানী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এতে নোমানী ও তাঁর সফরসঙ্গীরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

আজ শুক্রবার বিকেলে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে নোমানীকে ‘আমাদের বাঁচান, ডাকাতে আক্রমণ করছে’ বলে চিৎকার করতে শোনা যায়।

নোমানীর সফরসঙ্গীদের বরাতে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জানান, মাহফিল শেষে নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে তাঁরা পূর্বধলায় ফিরছিলেন। পথে লাঠি হাতে কয়েকজন তাঁদের গাড়ি থামানোর চেষ্টা করেন। ডাকাত সন্দেহে নোমানী গাড়ি না থামিয়ে থানার দিকে যেতে বলেন। পরে মোটরসাইকেলে কয়েকজন গাড়িটির পিছু নিয়ে হামলা চালান। ভাঙচুর করা হয় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ।

আব্দুল কাইয়ুম বলেন, থানায় পৌঁছে গাড়িতে থাকা ব্যক্তিরা জানতে পারেন, পাহারার দায়িত্বে থাকা সরকারদলীয় লোকজন গাড়িটিতে আওয়ামী লীগের নেতা-কর্মী রয়েছেন ভেবে হামলা করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এটি ভুল-বোঝাবুঝির ঘটনা, ডাকাতির নয়। বিষয়টি সংসদ সদস্য আনোয়ারুল হককে জানানো হয়েছে।

নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতার আশঙ্কায় বিভিন্ন স্থানে আমাদের লোকজন পাহারায় ছিলেন। গাড়িটি থামানোর সংকেত না মেনে দ্রুত চলে যাওয়ায় আমাদের নেতা-কর্মীদের সন্দেহ হয়। পরে ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে। এ জন্য নোমানীর কাছে সরি বলেছি। তা ছাড়া কোনো নেতা-কর্মী অশালীন আচরণ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’