হোম > সারা দেশ > নেত্রকোনা

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপি-যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার জেরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে হামলায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেওয়া হয়। গতকাল শনিবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে উপজেলার বড়রূহী গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। তাঁকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেয়। এর প্রায় আধা ঘণ্টা পর উপজেলার বিশকাকুনি গ্রামে কারাবন্দী আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান মোবাইল ফোনে অভিযোগ করে জানান, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী অতর্কিতে তাঁদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়।

নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাঁরা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, হামলার ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, তা জানেন না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।