নেত্রকোনার বারহাট্টায় হাঁসের খামারে শেয়াল তাড়াতে পেতে রাখা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদা বেগম (৬০) ভাটি নোয়াপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী।
আজ সোমবার বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পুলিশকে জানানো হয়েছিল, বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।’
ওসি বলেন, ‘পরে জানা গেছে হাঁসের খামারে শেয়াল তাড়াতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় লোকজন জানান, শেয়াল তাড়ানোর জন্য প্রতিবেশীর হাঁসের খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। বিষয়টি জানতেন না রাশিদা বেগম। বিকেলে ওই খামারের পাশের খেত থেকে কচুর লতি তুলতে যান তিনি। এদিকে ওই ফাঁদের বিদ্যুৎ সংযোগ দেওয়াই ছিল। একপর্যায়ে বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন রাশিদা। চিৎকার শুনে আশপাশের লোকজন বিদ্যুতের সংযোগ বন্ধ করে রাশিদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গোলাম আজম বলেন, ‘খবর পেয়ে রাতেই আমাদের অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাঁসের খামারের পাশের খেতে শেয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিল। দিনের বেলায় সংযোগ বিচ্ছিন্ন না করায় এমন দুর্ঘটনা ঘটেছে।’