হোম > সারা দেশ > নেত্রকোনা

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

আমিরুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিরুজ্জামান সেলিম পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের সদস্যরা জানান, সেলিম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। কিছুদিন আগে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। এ অবস্থায় কারাগারে থাকলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আমিরুজ্জামান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে মামলাটি করেন। এতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ও যুবলীগ নেতা গোলাম রব্বানীসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।