খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। সরকার চায়, ‘সিন্ডিকেট’ বলে কোনো শব্দ যেন না থাকে। সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আফরোজা খানম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।’
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয় নিয়মিত বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। ভবিষ্যতে যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প কবে উদ্বোধন বা চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় বলতে পারেননি খাদ্যমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টায় নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান তিনি। সেখানে সাইলো ও এর ভেতরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন খাদ্যমন্ত্রী। স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।