নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার শ্রী পবন কুমার বাধে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দারবাড়ি শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার, পানাম গ্রুপের সিনিয়র জিএম (অ্যাডমিন ও এইচআর) আতিকুল ইসলামসহ পূজামণ্ডপের ভক্তরা।
পূজামণ্ডপের সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতের উপ-হাইকমিশনার মণ্ডপ পরিদর্শনে এসেছেন। তিনি এখনো এখানে অবস্থান করছেন। তবে এটি তাঁর ব্যক্তিগত নাকি সরকারি পরিদর্শন, তা আমার জানা নেই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, উপ-হাইকমিশনার আসার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য পূজামণ্ডপের আশপাশে অবস্থান নেন। তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপ-হাইকমিশনার পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এটি কোনো সরকারি কর্মসূচি ছিল না।