নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চারজনের সন্ধান মেলেনি এখনো। গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈদ্যের বাজারের সোনাময়ী এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে গেলে রাশিদা নামের এক নারীর মৃত্যু হয়। নিখোঁজ হন একই পরিবারের চারজন।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে। আজ সকাল ৭টা থেকে আবার ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান মিলেছে। তবে ট্রলারের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি।
কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারটিতে ১৩ জন যাত্রী সোনারগাঁয়ের বৈদ্যের বাজারে যাচ্ছিলেন। নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার সময় আটজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। স্থানীয় লোকজন রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।
আর নিখোঁজ রয়েছেন হেলাল, তাঁর ছেলে সজিব এবং দুই মেয়ে সামিয়া ও সামিন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ঘটনার পর থেকেই উদ্ধার অভিযান চলমান। নিখোঁজ চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে।’