হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মাদ্রাসার আগুনে অসুস্থ: হাসপাতাল ছাড়ল ৫৩ শিক্ষার্থী

ঢামেক প্রতিবেদক

মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ৮৮ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে ভবনে। এ সময় আগুনের ধোঁয়ায় ৮৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এনে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি হওয়ায় ইতিমধ্যে তাদের ৫৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আইসিইউতে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ এ তথ্য জানান।

চিকিৎসক সুলতান মাহমুদ বলেন, ভর্তি থাকা ৩৫ শিক্ষার্থীর চিকিৎসা চলছে। চারজনকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় তাঁকে মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

মাদ্রাসার লাইব্রেরি কক্ষে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ৮৮ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

দুটি মেডিকেল বোর্ড গঠন করে শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সুলতান মাহমুদ। তিনি বলেন, ঘটনার পর থেকে আজ দুপুর পর্যন্ত ৮৮ শিক্ষার্থী হাসপাতালে আসে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনা ঘটে।

মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।