হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আহত নবীর হোসেন ও তাঁর সন্তান। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী মিশ্রিপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তিতে টয়লেট ও গোসলখানা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে নবীর হোসেন (৩৭) ও তাঁর দুই ছেলে শুভ (১৭) এবং আপনকে (১৪) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নবীর হোসেন।

অভিযোগে বলা হয়েছে, একই এলাকার আলী আকবরের ছেলে আনোয়ার হোসেন (৪৫), আল-আমিন (৪২), ওয়াজ কুরুনী (৩৮), জয়নাল (৩২) ও আলী আকবর (৬০) দীর্ঘদিন ধরে নবীর হোসেনের পৈতৃক সম্পত্তির ওপর একটি ছোট টয়লেট নির্মাণ করে ব্যবহার করে আসছিলেন। বিষয়টি নিয়ে আগে স্থানীয়ভাবে সামাজিক মীমাংসার কথা হলেও বিবাদীরা নানা টালবাহানা করেন। সম্প্রতি পুরোনো টয়লেট ভেঙে সেখানে পাকা টয়লেট ও গোসলখানা নির্মাণের চেষ্টা করেন তাঁরা। বিরোধ দেখা দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জমি মেপে সমাধানের কথা বলেন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় পঞ্চায়েত ও গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অমান্য করে আজ সকালে বিবাদীরা নির্মাণকাজ শুরু করেন। নবীর হোসেন বাধা দিলে তাঁকে গালিগালাজ করা হয় এবং কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আনোয়ার হোসেন হাতে থাকা মোটা লাঠি দিয়ে নবীর হোসেনের মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে তাঁর মাথা ফেটে যায়। নবীর হোসেনের চিৎকার শুনে তাঁর দুই ছেলে শুভ ও আপন এগিয়ে এলে তাঁদেরও লাঠি দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা নবীর হোসেন ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে বলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবীর হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।