হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লায় ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে আজ সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মণ্ডলপাড়া ও বিসিক ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে একটি ইজিবাইক গ্যারেজ ও এর পাশে থাকা ঝুটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।