হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে রয়েছেন ওই এলাকার শরিফ, তাঁর স্ত্রী রোজিনা, ছোট ভাই রিয়াজ ও রনি।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দুটি বাড়িতে পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার জানান, কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক।