হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অটোরিকশা থেকে পেট্রলবোমা ছুড়ে পার্কিংয়ে থাকা বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আগুনে পুড়ে যাওয়া অনাবিল পরিবহনের বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাইনবোর্ডের গিরিধারা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হয়। বিকট শব্দে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসের মালিক রাসেল বলেন, আমার কর্মীরা বাস রেখে বাসায় যাওয়ার পর আগুন দেওয়া হয়। অটোরিকশা থেকে পেট্রলবোমা ছুড়ে বাসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে শুনেছি। এতে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সাইনবোর্ডে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছি। এলাকাটি সম্ভবত যাত্রাবাড়ী থানাধীন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।