নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অপহরণ মামলার বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইলে ধারণ করার সময় ইউসুফ মোল্লা (২৫) নামে এক পথচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার তক্তার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মোল্লা চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। তক্তার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি।
ওমর ফারুকের ভাষ্য, ইউসুফ মোবাইলে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে অস্ত্রধারীরা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তাঁর মেরুদণ্ডের নিচে ধারালো ছুরির মারাত্মক আঘাত লাগে।
গুরুতর আহত ইউসুফকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তাঁর মৃত্যু হয়।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন রাতে ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান তাঁকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
দেলোয়ার হোসেন দেলুর দাবি, মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন নেন জুয়েল আরমান। জামিন পাওয়ার পর চায়ের দোকানে বসে থাকা মামলার বাদী তাঁর ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা করেন জুয়েল আরমান। এ ঘটনায় হাতাহাতিতে উভয় পক্ষের লোকজন আহত হন।
দেলোয়ার হোসেন দেলুর ভাষ্য, ওই ঘটনার জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে ধারালো অস্ত্রসহ তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে আসেন। পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।