নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় অর্ধ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে, শ্রমিকদের অসুস্থতার কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। আজ শনিবার দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটেছে।
পোশাক কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কারখানায় কর্মরত একাধিক শ্রমিক জানান, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯টায় ছুটি থাকার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেওয়া হয়েছে।
শ্রমিকেরা জানান, দুপুরের পর হঠাৎ করে তৃতীয় তলার কয়েকজন নারী শ্রমিক অতিরিক্ত ঘামতে শুরু করেন। পরে দেখা যায়, দোতলায়ও একই ঘটনা ঘটছে। পরে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এর মধ্যে কয়েকজন অচেতনও হয়ে পড়েন। তাদের ধারণা, বারবার লোডশেডিংয়ের কারণে অতিরিক্ত গরম সহ্য করতে না পেড়ে এ ঘটনা ঘটেছে।
কারখানায় কর্মরত সোহাগ নামে এক শ্রমিক বলেন, ‘দুপুরের পর আমাদের সাথে একজন নারী শ্রমিক মাথা ঘুরে মেঝেতে পরে যায়। তাঁকে হুইল চেয়ারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এর কিছুক্ষণ পর নারী এবং পুরুষ শ্রমিকেরা একে একে অসুস্থ বোধ করলে সন্ধ্যায় ফ্যাক্টরি কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।’
এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘৭-৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং আরও ১০ জনের অধিক অসুস্থতা ফিল করছে বলে জানি। তবে অসুস্থতার কি থেকে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বক্তব্যের জন্য আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালককে একাধিক ফোন করা সত্ত্বেও তিনি কল রিসিভ করেননি।
আদমজী ইপিজেডে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, ‘শ্রমিকের প্রাথমিকভাবে বুঝেছি হিট স্ট্রোক হয়েছে। আমার এখানে ২০ জনের মতো অসুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়ে জানানো যাবে।’