নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০টি ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল মোড়সংলগ্ন টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে রাকিব হাসান রিফাত (২২) এবং শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে জাহিদ হাসান রনি (৩০)। রিফাত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০টি ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ খান বলেন, ১২ নভেম্বর গভীর রাতে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘গত পরশু দিন ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ দুজনকে আমাদের টিম গ্রেপ্তার করেছে। আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না। বিস্তারিত জানতে আমাদের এসআই আরিফের সঙ্গে যোগাযোগ করুন।’