হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া না কমালে আগামীকাল অবরোধের ডাক ছাত্র ঐক্যের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আগামীকাল অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য।’ ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে গঠিত ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’ আগামীকাল মঙ্গলবার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হাফ পাসের ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকা নেওয়া শুরু করেন বাসমালিকেরা।

বর্ধিত ভাড়াকে অযৌক্তিক দাবি করে আন্দোলন শুরু করে কয়েকটি ছাত্রসংগঠন। বাস কাউন্টারে হট্টগোল, বাস বন্ধ করে দেওয়ার হুমকি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দফায় দফায় বৈঠকের পরও উভয় পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি।

বাসভাড়া কমানোর দাবিতে আটটি ক্রিয়াশীল ছাত্রসংগঠন নিয়ে গঠন করা হয় ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।

ছাত্র ঐক্যের চলমান আন্দোলনের মধ্যে ৫ অক্টোবরের (আজ) মধ্যে বাসভাড়া না কমালে ৬ অক্টোবর সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। এখনো কোনো সমাধান না হওয়ায় আগামীকাল অবরোধ কর্মসূচি পালনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাসমালিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেন বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা বারবার আলোচনার টেবিলে সময় দিয়েছি, কিন্তু বাসমালিকেরা আমাদের কোনো দাবিই মানতে রাজি নন। সবশেষ বাসভাড়া ৫৮ ও হাফ পাস ৩৪ টাকা প্রস্তাব করা হয়েছে। কিন্তু তাঁরা সেটাও মানেননি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মঙ্গলবার সকাল ৮টায় আমরা শহরের চাষাঢ়া অবরোধ করব। ইতিমধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচারাভিযান সম্পন্ন হয়েছে। শহরজুড়ে মাইকিং চলছে।’

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন, ‘অবরোধ কর্মসূচি সফল করতে আমরা প্রস্তুত। যদিও নানাভাবে আমাদের ওপর চাপ দেওয়া হচ্ছে, যেন অবরোধ পালিত না হয়। এমনও হতে পারে, রাতে তাঁরা দাবি মেনে নেবেন, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় না হলে আমরা ছাড় দেব না। দাবি আদায় হলে আমরা অবরোধ প্রত্যাহার করব। আর দাবি আদায় না হলে আগামীকাল সকালে আমরা রাজপথে সরব অবস্থান রাখব।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবীর বলেন, ‘ছাত্ররা একটি যৌক্তিক দাবি তুলেছে। সেই দাবি না মানায় তারা অবরোধের ডাক দিয়েছে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে। আশা করছি, দ্রুতই সমাধান হয়ে যাবে। সংঘাতের কোনো শঙ্কা আমরা দেখছি না।’