হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের লিংক রোডে ঝুটবোঝাই ট্রাকে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

পার্কিং করে রাখা ঝুটবোঝাই ট্রাকে দুর্বৃত্তের আগুন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্কিং করে রাখা গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, ঘটনায় প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পার্কিং করা ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আগুন লাগার সময় পাশের ট্রাকের চালকেরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ঝুট নিয়ে তাঁরা নারায়ণগঞ্জে আসেন। ভোর ৪টার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে তিনি উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন।

মামুন বলেন, তাঁর ট্রাকে প্রায় সাত থেকে আট লাখ টাকার মালামাল ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, ‘ট্রাকে ওয়েস্টেজ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন দেখতে পায়। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।