হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মকর্তা হত্যা, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস কর্মকর্তা সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ পাঁচজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় দুজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে বন্ধুরা মাদক সেবনের পর হত্যার উদ্দেশ্যে শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর ঘটনাটি বিভিন্ন খাতে নেওয়ার জন্য ভবন থেকে তাঁকে নিচে ফেলে দেয়।

এই ঘটনায় নিহতের বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।