হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেলিনা হায়াৎ আইভী। ফাইল ছবি

‘আমাগো আইভী ঘরে ফিরছে। এখন তো একটু দেখতে মনে চাইবই। এ জন্য দাঁড়ায় আছি। গেটে যাওনের পর হের ভাইয়ে কইছে এখন না আইতে। দুই দিন পর সবার লগে দেখা করব।’—কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব নারী মোসাদ্দেকা বেগম।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করেছেন মোসাদ্দেকা বেগম। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে ভেতরে যেতে পারেননি।

শুধু মোসাদ্দেকা একা নন, জামিনে মুক্তি পাওয়া আইভীকে দেখতে দেওভোগ অঞ্চলের শত শত নারী বাসিন্দা মুখিয়ে আছেন। যাঁদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। কেবল ব্যক্তি আইভীর প্রতি ভালোবাসা থেকে আসছেন তাঁরা। কিন্তু আইভীর পরিবার থেকে অনুরোধ করে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের।

প্রায় এক বছর সময় কারাভোগ করে বাড়ি ফিরেছেন সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে সোজা বাড়ি ফেরেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁর বাড়ির সামনে লোকজনের ভিড় বাড়তে শুরু করে। তবে আজ কেবল আত্মীয়স্বজনদের সঙ্গেই সাক্ষাৎ করছেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে।

পরিবারের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাসায় আসতে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানা গেছে। ভেতরে তোলা একটি ছবিতে দেখা গেছে, আইভী বাড়ির বারান্দায় তাঁর ভগ্নিপতি ও জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরসহ অন্য স্বজনদের সঙ্গে কথা বলছেন। আইভীর ভাই আলী রেজা উজ্জ্বল জানান, আপাতত পরিবারকে সময় দিচ্ছেন আইভী। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে আইভীর বাসার সামনে পুলিশের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে একাধিক সিসি ক্যামেরা। যার মাধ্যমে এই বাসায় কাঁরা আসছেন, তা নজরদারি চালাতে পারবে পুলিশ প্রশাসন। সরেজমিনে দেখা যায়, আইভীর বাসভবনের সামনে ও আশপাশের কয়েকটি স্থানে পুলিশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে। নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এসব ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সিসি ক্যামেরা স্থাপনের খবরে অনেকে সাহস করছেন না আইভীর সঙ্গে সাক্ষাৎ করতে।

সিসি ক্যামেরা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, ‘এটি আমাদের নিজস্ব বিষয়। নিরাপত্তাসহ সার্বিক কারণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি। ২০২৪ সালের ৫ আগস্টের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনপ্রতিনিধি সবাই পালিয়ে গেলেও নিজ বাসায়ই অবস্থান করেছিলেন আইভী। এমনকি সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে অপসারণের আগপর্যন্ত নিয়মিত অফিসও করছিলেন। ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় ছেলে গ্রেপ্তার

সেলিম ওসমানকে ধরে আনার ঘোষণা বিএনপি নেতা টিপুর, এলাকায় উত্তেজনা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সোনারগাঁ বিএনপির সহসভাপতিকে শোকজ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

কাতার থেকে ইন্টারপোলের মাধ্যমে হত্যা মামলার আসামিকে ফেরত আনল পুলিশ

নারায়ণগঞ্জে ২৪ জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি, উপহার দেওয়া হলো কোরবানির পশু