হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভেঙে ফেলা হয়েছে একটি বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় পুলিশকে একাধিকবার জানানো হলেও সহায়তা পাননি তারা।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হীরাঝিল এলাকায় তাঁদের পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ সজীব ও জসিমসহ কয়েকজন। এ নিয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। জমির বিরোধ মীমাংসায় সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিসি বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী সুলতানা বেগম বলেন, কয়েক মাস ধরে অভিযুক্ত ব্যক্তিরা আমাদের বসতবাড়ি দখলের চেষ্টা করছেন। এর জের ধরে গতকাল সোমবার গভীর রাতে ১৫০ থেকে ২০০ জনের একটি দল ভেকু দিয়ে বাড়িটি ভেঙে ফেলে।

তিনি বলেন, নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভূমিকম্প মনে হয়েছিল। বাইরে বেরিয়ে দেখি, ভেকু দিয়ে আমাদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সুলতানার দাবি, ঘটনার কয়েক ঘণ্টা আগে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁদের বাড়ি পরিদর্শন করেন। হামলার সময় ৯৯৯ নম্বরসহ বিভিন্নভাবে পুলিশকে জানানো হলেও তাঁরা সহায়তা পাননি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এলেও তাদের সামনেই বাড়ি ভাঙার কাজ শেষ করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভেঙে ফেলা হয়েছে একটি বসতবাড়ি। ছবি: আজকের পত্রিকা

সুলতানার ভাই গোলাম মোস্তফা বলেন, গত ৫ নভেম্বর রাতেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে এসেছিল। সেদিন ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা চলে যায়। যাওয়ার সময় ৭ নভেম্বর আবার হামলার হুমকি দিয়েছিল। সোমবার রাতে হামলার সময়ও পুলিশকে একাধিকবার জানানো হলেও সহায়তা পাওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ আসলেও তাদের সামনেই সকল কাজ সম্পন্ন হয়।

তবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এর আগে দখলের চেষ্টা হলে পুলিশের একটি দল গিয়ে বাধা দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, যা তদন্তাধীন। গতকাল সোমবার রাতে বাড়ি ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি।

ওসি আরও বলেন, জমি নিয়ে দেওয়ানি মামলা চলমান থাকায় মালিকানা নির্ধারণের এখতিয়ার আদালতের। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। তবে এ ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ভোর ৪টার দিকে বাড়ি ভাঙার খবর জানিয়ে ভুক্তভোগী পরিবার ৯৯৯ নম্বরে ফোন করে। এরপর থানা থেকে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার অভিযোগ সঠিক নয়। জমি নিয়ে দেওয়ানি মামলা থাকলেও এ ঘটনায় ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকলে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারবেন।

তিনি বলেন, রাতের আঁধারে এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।