হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী মোছা. সাবিকুন্নাহার মিমকে (২৮) আটক করেছে পুলিশ।

জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার জামশেদ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মিম একই থানার মৃত মোস্তফা কামালের মেয়ে। তাঁরা সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় বাড়ির মালিক শাহ আলম মিয়ার বাসায় ভাড়া থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বাসায় ফেরার পর জহিরুল তাঁর স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে মিম ক্ষুব্ধ হয়ে জহিরুলের গোপনাঙ্গ কেটে দেন। জহিরুলের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনার পরপরই জহিরুলের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।