হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাসের বকেয়া বেতনের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তাঁরা। একপর্যায়ে প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। তবে চাকরি হারানোর পরও তাঁদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। এ নিয়ে কর্তৃপক্ষ একাধিকবার সময় দিলেও নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ করেনি। ফলে দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা ও বেতন না পাওয়ার ক্ষোভ থেকে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, চাকরি হারানোর পর এমনিতেই তাঁরা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। বারবার আশ্বাস দেওয়া হলেও পাওনা পরিশোধ না করায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত সব বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান তাঁরা।

একপর্যায়ে শ্রমিকেরা সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (অটোমেশন) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান। এ সময় তিনি জানান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো অফিসে আসেননি। তাঁরা এলে বিষয়টি নিয়ে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর বক্তব্যে শ্রমিকেরা সন্তুষ্ট না হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। এ সময় তাঁর সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ওসি এ এইচ এম সালাউদ্দিন রানা বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিকেরা প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থান করেছিলেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।