নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দল কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানকে কুপিয়ে জখম করেছে। এ সময় আরও পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাঁদের ওপর হামলা চালায় এবং সব ছিনিয়ে নেয়।
তখন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল, রাজিব, রুবেল, ফারুক ও ডালিমকে গুরুতর আহত করে। আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।