নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বিআইডব্লিউটিএ, বাংলাদেশ নৌবাহিনী (নেভি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দলও ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মো. সাদিকের জন্ম ২০০১ সালের ১০ অক্টোবর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমরাকান্দি গ্রামে। তাঁর বাবা আশরাফ শেখ এবং মা লিলি বেগম। তিনি বিবাহিত।
মো. সাদিক ২০২১ সালের ২৪ অক্টোবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকেও ভূষিত হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।