নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।
একই ঘটনায় দগ্ধ রোজিনার ভাই রিয়াজ ও রনি নামের আরেক যুবকের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রিয়াজের শরীরের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ পুড়ে গেছে।
এর আগে, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা গেলেন শরীফ ও রোজিনা।