নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চারজন ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার গাউছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁদের আটক করে গণপিটুনি দেয়। মামলার পর শুক্রবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহম্মেদ। তাঁরা সবাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণে কর্মরত।
ভুক্তভোগীর বরাতে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান বৃহস্পতিবার বিকেলে তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে গাউছিয়া এলাকায় আসেন। এ সময় কয়েক ব্যক্তি নিজেদের সিআইডি পরিচয় দিয়ে তাঁকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করে।
তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ি আটকায় এবং এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে ধরে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পুলিশ আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আরও এক কনস্টেবল আকাশ আহম্মেদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।