নারায়ণগঞ্জে রাজউকের যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। একই সঙ্গে নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) সীমানা বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউক এই সরকারেরই একটি অংশ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষও সরকারেরই অংশ। জনগণের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে।
নারায়ণগঞ্জের উন্নয়নে বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান করা হবে।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানোর বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ফতুল্লাসহ আশপাশের এলাকা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জাকারিয়া তাহের সুমন বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মূল লক্ষ্য হলো নারায়ণগঞ্জবাসীকে আরও ভালো সেবা দেওয়া এবং একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।
রাজউকের দুর্নীতি ও সেবায় হয়রানির অভিযোগ প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন এলাকা বড় হওয়ায় প্রয়োজনের তুলনায় জনবল কম ছিল। এ কারণে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, যাতে মানুষের কাছে সেবা আরও সহজে পৌঁছানো যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন নবগঠিত এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।