হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তালাবদ্ধ ঘরে পড়ে ছিল গার্মেন্টস কর্মীর মরদেহ, স্বামী পলাতক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি ঘর থেকে তানিয়া আক্তার (২২) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া মাদবর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার শাহ আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ তাঁর স্বামী সোহাগ ওরফে জুলহাসসহ জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন। মৃত্যুর আগের রাত পর্যন্ত প্রতিবেশীরা স্বামীকে নিজ বাসায় দেখতে পেলেও ভিকটিমের মৃত্যুর পর থেকে স্বামী পলাতক রয়েছেন। ফলে মৃত্যুর ঘটনায় স্বামীকে সন্দেহ করা হচ্ছে।  

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, ভিকটিমের স্বামীর কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তাঁকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এ ছাড়া ভিকটিমের প্রতিবেশীদের বরাতে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।