হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কনস্টেবল আনোয়ার হত্যা: ডেভিডসহ গ্রেপ্তার ৬, পাঁচ দিনের রিমান্ডে ৫ আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী সন্দেহে মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডের ভাই আব্দুল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের গুলিতে ডেভিড আহত হয়েছেন। এ ছাড়া তাঁর ছোড়া ককটেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা পুলিশ। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ বুধবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)।

পুলিশ জানায়, কনস্টেবল আনোয়ার হত্যাকাণ্ডের পর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।

পরে আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিমপট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিমপট্টি এলাকার একটি পরিত্যক্ত ভবনে ডেভিডকে গ্রেপ্তার করতে যায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ সময় পালানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন ডেভিড। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে আহত হন চার পুলিশ সদস্য। পরে গুলিবিদ্ধ ডেভিডকে উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠানো হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পৃথক অভিযানে নারায়ণগঞ্জের এসআরবি-১১ আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ফতুল্লার হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। হামলার মুখে এএসআই সাত্তার পালিয়ে প্রাণে বাঁচলেও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন কনস্টেবল আনোয়ার। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।