হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার নির্মাণের দাবি এলাকাবাসির। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার দুপুরে নয়াপুর বাজার এলাকায় মহাসড়কে ‘সাধারণ এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলার উত্তরাঞ্চলের কয়েকশ সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যস্ত এশিয়ান হাইওয়ে সড়কের নয়াপুর বাজার অংশে নির্মাণাধীন আন্ডারপাসটি সরু ও নিচু। তাঁদের দাবি, এটি জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়।

বক্তাদের ভাষ্য, আন্ডারপাসটি দিয়ে ভারী যানবাহন, রিকশা ও অটোরিকশা চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এতে বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্থবির হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের দুর্ভোগ এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়বে।

বিক্ষোভ সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে নির্মাণাধীন ছোট আন্ডারপাসটির নকশা পরিবর্তন করে সেখানে আধুনিক ও প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।